রাজতন্ত্রের নিউ মডেল এখন বাংলাদেশে: আ স ম আবদুর রব

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের প্রস্তাবনা তুলে ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রাজতন্ত্রের নিউ মডেল এখন বাংলাদেশে। এদেরকে চিরদিনের জন্য বিদায় করার জন্য, উচ্ছেদ করার জন্য ইতিহাসের প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা অনিবার্য হয়ে পড়েছে।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জেএসডি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সরকারের প্রস্তাবনা তুলে ধরে তিনি এসব বলেন।

দেশে প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুর রব বলেন, ‘জাতীয় সরকারের লক্ষ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করা। জাতীয় সরকার গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হবে।’

তিনি বলেন, ‘দেশ পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আমরা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। উনি আমাদের প্রস্তাব গ্রহণ না করে আওয়ামী লীগের সরকার গঠন করার কারণে আজকে ৫০ বছরে বাংলাদেশ জাহান্নামে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার যে অত্যাচার-নির্যাতন-জুলুম-অপমান-অন্যায়ের মাধ্যমে দেশটাকে লুট করে বিদেশে নিয়ে গিয়েছে। আজকে আবারও আমরা মনে করি, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যদি আমরা ১৯৭১ সালের মতো ঝাঁপিয়ে না পড়ি, মাঠে না নামি- এই রাজতন্ত্রকে বিদায় করা যাবে না।’

জাতীয় সরকারের উদ্দেশ্যে হিসেবে রব ৬ দফা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধের মূল চেতনার ভিত্তিতে রাষ্ট্রপরিচালনার নীতি প্রণয়ন করা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, একটি ‘স্বাধীন নির্বাচন কমিশন’ প্রতিষ্ঠা করা ইত্যাদি।

এছাড়া অনুষ্ঠানে রব দেশের বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধানে জাতীয় সরকারের ১৩ দফা কর্মসূচিও তুলে ধরা হয়।

জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক নূর, রাষ্ট্রচিন্তার হাসনাত করীম, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল ইসলাম, জেএসডির কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার প্রমুখ।