ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে বৃষ্টি রানী ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার বিকালে উপজেলার সানোরা ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর সড়কের খাগুরতা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি রানী ঘোষ মানিকগঞ্জ জেলার সদর থানার কাটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম গ্রামের নিরঞ্জন ঘোষের মেয়ে। বৃষ্টি কাটিগ্রাম বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার বিকালে ডাক্তার দেখানোর জন্য মহীশাষী এলাকার মামার বাড়ি থেকে অটোরিকশাযোগে কালামপুর যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী অটোরিকশাটি খাগুরতা এলাকায় পৌঁছালে সড়কের পাশে কর্তনরত একটি গাছ অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়। এ সময় ওই অটোরিকশায় থাকা আরো তিন যাত্রী আহত হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার সজীব হাসান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা গাছটি কাটছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।