চট্টগ্রাম মহানগরীর বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জের পণ্য লোডিং-আনলোডিং শ্রমিকদের করোনা টিকার আওতায় আনা হয়েছে। গতকাল সোমবার প্রথম দিনে ১ হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদানের এ কার্যক্রম শুরু করেছে জেলা সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আগামী ২ মাস পর তাদের ২য় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহযোগিতায় মঙ্গলবার ও বুধবার আরও ২ হাজার শ্রমিককে কভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে।
শ্রমিকদের ভ্যাকসিন প্রদান উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেছেন, পণ্য লোডিং-আনলোডিং শ্রমিকরা সুরক্ষিত না থাকলে ব্যবসায়ী-মালিক পক্ষ সুরক্ষিত থাকবেন না, দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে না। তাই সরকারের নির্দেশনায় তাদের প্রত্যেককে কভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা থাকলেও কোনো কারণে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর নির্দিষ্ট কার্ডে লিখে প্রথম দিন ১ হাজার শ্রমিককে অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর মনে আছে তাদের নম্বর ঐ কার্ডে উল্লেখ করা হয়েছে। আগামী দু’দিনে আরও ২ হাজার পরিবহন শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মফিজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম চৌধুরী, সাবেক কাউন্সিলর আলহাজ জামাল হোসেন, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ বেলাল প্রমুখ।