অর্ডার করেছিলেন লাখ টাকার আইফোন, পেলেন দুটো চকলেট!

আজকাল গেজেট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক পণ্যই অনলাইনের মাধ্যমে কিনে থাকেন গ্রাহকেরা।

সময় অনুযায়ী গ্রাহকের কাছে জিনিস পৌঁছে দেওয়া এবং পণ্যের গুণমান বজায় রাখায় অনলাইন শপিং সাইটগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরপরও অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন অনেকেই। এমনই এক ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে। অনলাইনে ফোন অর্ডার করে তার বদলে চকলেট পেলেন এই গ্রাহক।

গত ২ ডিসেম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন ড্যানিয়েল। ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল। প্রায় দু’সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই কথা তিনি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়।

বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেওয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ! মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা রয়েছে দু’টি চকলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো।

ঘটনাটি বিস্তারিত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। তার পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করেন। সংস্থার তরফ থেকে ড্যানিয়েলকে জানানো হয় যে তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে। ড্যানিয়েলকে যাতে মোবাইলটি পৌঁছে দেওয়া যায় সেই জন্য অ্যাপলের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠানটি।