লঞ্চে অগ্নিকাণ্ড: পঞ্চম দিনে আরও একজনের লাশ উদ্ধার

এমভি অভিযান- ১০ লঞ্চের দুর্ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এ নিয়ে ঝালকাঠিতে মোট ৪১ জনের লাশ উদ্ধার হয়েছে। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন দেখে অভিযান লঞ্চের যাত্রী বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া যাত্রীদের খুঁজতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান শুরু করেছে।

এ ছাড়া গতকাল বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. শাকিল (৩২)। তিনি অভিযান- ১০ লঞ্চের বাবুর্চি ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর গ্রামে। ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো ছবি দেখে শাকিলের পরিবার লাশ শনাক্ত করে গতকাল রাতেই নারায়ণগঞ্জে নিয়ে গেছেন।