নাসিক নির্বাচন: আইভী-তৈমূরকে রিটার্নিং কর্মকর্তার শোকজ

তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগও করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।

অপরদিকে আইভী অভিযোগ করেছেন, সরকারদলীয় প্রার্থী হয়েও তার চেয়ে বেশি সুবিধা নিচ্ছেন তৈমূর।

এ ছাড়া অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

অবশেষে আচরণবিধি লঙ্ঘন নিয়ে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন, জানালেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি। দুজন প্রার্থী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় তাদের শোকজ করেছি। আশা করছি তারা আমাদের সহায়তা করবেন।

এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার একে অপরের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

এদিকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্প তৈরির ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জের একটি ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী সর্বোচ্চ ১৪টি নির্বাচনী ক্যাম্প করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া বন্দরে এবং শহরেও অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, দু-এক দিনের মধ্যেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে আমরা আরও কঠোর হবো। নির্বাচনীবিধি না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।