দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর মজিবরের মোড়ে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি নির্বাচন পরবর্তী সহিংসতা নয়, জমি থেকে মাটিকাটা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মজিবরের মোড়ে ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ঘুড়ি প্রতীকের রহমত উল্লাহ ও ফুটবল প্রতীকের মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘুড়ি প্রতীকের প্রার্থী রহমত উল্লাহর সমর্থক আসাদুজ্জামান (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

নিহত আসাদুজ্জামান প্রসাদপুর গ্রামের মৃত মিছির আলীর ছেলে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা নয়, জমির মাটিকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আসাদুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।