প্যারাসেইলিংয়ের দড়ি ছিঁড়ে সাগরে দুই নারী

সমুদ্রদর্শনে গিয়ে প্যারাসেইলিং করার সময় দড়ি ছিঁড়ে সাগরে পড়ে যান সুজাতা ও সুরেখা নামে দুই নারী। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্যারাসেইলিং কর্মীরা দ্রুত গিয়ে পানি থেকে তুলে আনেন তাদের।

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আলিবাগের ভারসোলি সৈকতে। সুজাতা নারকার ও সুরেখা পানিকর দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসে সমুদ্র দেখতে গিয়েছিলেন সুজাতা ও সুরেখা। সৈকতে কিছু পর্যটককে প্যারাসেইলিং করতে দেখেন তারা। চ্যালেঞ্জিং সেই অভিজ্ঞতা নিতে তারাও প্যারাসুটে চেপে সমুদ্র দেখার সিদ্ধান্ত নেন।

কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি সুজাতা ও সুরেখার। কারণ, প্যারাসেইলিং শুরুর কিছুক্ষণ পরেই দড়ি ছিঁড়ে সোজা সাগরে গিয়ে পড়েন তারা। এসময় তাঁদের প্যারাসেইলিং ভিডিও করা হচ্ছিল। সেই ক্যামেরায় ধরা পড়েছে দুই নারীর সাগরে পড়ার দৃশ্য।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। এতে অনেকেই অ্যাডভেঞ্চারাস এই খেলার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিওর নিচে করা মন্তব্যে কেউ কেউ মানসম্মত দড়ি ব্যবহার না করায় প্যারাসেইলিং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।