চাঁদপুরের ফরিদগঞ্জে নৌকার ও স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই প্রার্থীই উপস্থিত ছিলেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, এ দিন বিকেলে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল কাদের খোকন মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি গৃদকালিন্দিয়া বাজারে আসলে একই সময় নৌকার প্রার্থী শরীফ হোসেনও মিছিল নিয়ে গৃদকালিন্দিয়া কলেজের পাশ দিয়ে সড়কে ওঠেন। উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ সময় ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের কারণে মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের খোকন বলেন, আমার আগে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি নির্ধারণ করা ছিল। বিকেলে আমার বাড়ির সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে গৃদকালিন্দিয়ায় পৌঁছালে নৌকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমার অন্তত ২০-২৫ জন কর্মী-সমর্থকের মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এতে আমার ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। আমার নির্বাচনী প্রচারণায় মাইকসহ একটি সিএনজি ভাঙচুরও করেন তারা। তারা আমার নেতা-কর্মীদের না মেরে আমাকে মারধর করলে আমি তাতে খুশি হতাম।
নৌকার প্রার্থী মো. শরীফ হোসেন খান বলেন, আমরা মিছিল নিয়ে কলেজের পাশ দিয়ে সড়কে ওঠার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই খোকনের লোকজন আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমার ৮-১০জন নেতা-কর্মী আহত হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন বলেন, সংঘর্ষে বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানতে পেরেছি উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।