২০২১ সালে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে।
চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান করেছেন রুট। ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করেছেন তিনি। টেস্টের ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ১৭শর বেশি রান করা তৃতীয় ক্রিকেটার তিনি।
রুটের আগে এই নজির গড়েন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ২০০৬ সালে ইউসুফ ১৭৮৮ রান, ১৯৭৬ সালে রিচার্ডস ১৭১০ রান করেছিলেন।
বল হাতেও উজ্জ্বল ছিলেন অকেশনাল স্পিনার রুট। ১৪ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে আক্রমণে এসে ব্রেক-থ্রু এনে দেন রুট। তার সেরা বোলিং ফিগার ছিল ৮ রানে ৫ উইকেট। এ বছরের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন রুট।
এ বছর সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় স্পিনার অশ্বিন। ৮ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন তিনি। গড়- ১৬ দশমিক ২৩। উইকেট শিকারের সংখ্যাটা বাড়তে পারে। কারণ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছেন অশ্বিন। ব্যাট হাতে এ বছর লোয়ার-অর্ডারে দারুণ ছন্দে ছিলেন তিনি। এক সেঞ্চুরিতে ২৮ দশমিক ০৮ গড়ে ৩৩৭ রান করেন অশ্বিন।
এ বছর নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি জেমিসন। ৫ ম্যাচে ২৭ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া জেমিসনের।
সাউদাম্পটনের ফাইনালে ৭ উইকেট নেন জেমিসন। ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। দলকে প্রথম আইসিসি ট্রফির স্বাদ দিতে ভূমিকা রাখেন জেমিসন।
অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে এ বছর ৭ ম্যাচে ৯০২ রান করেছেন করুনারত্নে। বছরে তৃতীয় সর্বোচ্চ রান তার। ব্যাট হাতে চারটি সেঞ্চুরিও করেছেন। গড়- ৬৯ দশমিক ৩৮। পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছেন লঙ্কান টেস্ট অধিনায়ক।