অগ্নিকান্ডে নীলফামারীতে বৃদ্ধার মৃত্যু, পুত্রবধূ দগ্ধ

নীলফামারীর কিশোরগঞ্জে ঘরে লাগা আগুনে পুড়ে এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার পুত্রবধূ। নেত্রকোনার বারহাট্টায় অগ্নিকান্ডে পুড়ে গেছে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা কার্যালয়ে ছাই হয়ে গেছে বিপুল মালামাল। গাজীপুরের কালিয়াকৈরে কয়েল কারখানায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নীলফামারী : কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিদ্বগ্ধ হয়ে ফুলমতী রায়ের (৭০) মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪৫)। তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে গত মঙ্গলবার রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ফুলমতী রাজেন্দ্রনাথ রায়ের স্ত্রী। অগ্নিকা-ে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে পুরুষ মানুষ সে সময় কেউ বাড়িতে ছিল না। নিহত ফুলমতী প্যারালাইজড হওয়ায় সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকতেন। দগ্ধ পুত্রবধূ অঞ্জনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে ধারণা করছি।

নেত্রকোনা: বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে পাটমহল ও ট্রলারঘাট এলাকায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। গতকল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস ও স্থানীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুনের ব্যাপকতা নিয়ন্ত্রণে আসে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালী পৌরসভা কার্যালয়ে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার ভোরের দিকে এ আগুন লাগে। আগামী ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভার ভোট। ঘটনার ব্যাপারে পৌরসভার রাত্রিকালীন পাহারাদার ছলিম উল্লাহ বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় গতকাল বুধবার দুপুরে নাভিয়াদ কয়েল কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার বিভিন্ন মালামাল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।