ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক প্রাণ গেল আরও দুজনের

মাদারীপুরের রাজৈরে কাগজের কার্টনবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অভয় বিশ্বাস (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর আঞ্চলিক সড়কের তাতীকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় বিশ্বাস রাজৈরের গোয়ালবাথান গ্রামের মৃত কালী কৃষ্ণ বিশ্বাসের ছেলে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে টেকেরহাট-কবিরাজপুর সড়কের রাজৈর উপজেলার তাঁতীকান্দি নামক স্থানে কবিরাজপুরগামী যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি অপরদিক থেকে আসা টেকেরহাটগামী কাগজের কার্টনবোঝাই ট্রাককে সাইড দিতে গেলে ভ্যানগাড়ির যাত্রী অভয় বিশ্বাস ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে।

এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া ফুটওভার ব্রিজের পাশে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। রাজশাহীতে সড়কে আহত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। নীলফামারীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশাল আকৃতির গাছ ভেঙে পড়লে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিবেক ও সংবাদদাতাদের খবরেÑ

রাজধানীতে বাইসাইকেল আরোহী নিহত : রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া ফুটওভার ব্রিজের পাশে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম আমিনুল ইসলাম (২৮)।

গত মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, রাতে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পথচারীর বরাত দিয়ে তিনি আরও জানান, শেওড়াপাড়া ফুটওভার ব্রিজসংলগ্ন রাস্তায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গেলে আরেকটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তখন পথচারীরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম আমিনুল ইসলাম বলে জানা গেছে। বাবার নাম নাসির আহমেদ। বাড়ি ভোলা।

রাজশাহীতে এএসআইর মৃত্যু : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। তার নাম ইমাম আলী (৩২)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

এএসআই ইমাম আলী রাজশাহী নগর পুলিশের (আরএমপি) পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় তার বাড়ি। বাবার নাম মৃত আবুল কাশেম।

দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন জানান, গত সোমবার ইমাম আলী বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠছিলেন। তখন অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ইমাম আলী গুরুতর আহত হন।