ঘনকুয়াশায় পথ ভুলে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের ১৪ জেলেকে আটক করেছে দেশটির কোস্টগার্ড সদস্যরা। গত সোমবার মধ্যরাতে পটুয়াখালীর আলীপুরের দুটি ট্রলারসহ জেলেদের আটক করা হয়। পরদিন আদালতের মাধ্যমে জেলেদের কারাগারে পাঠানো হয়। আর ট্রলার দুটি স্থানীয় থানার হেফাজতে রাখা হয়েছে।
আটকরা হলেন এফবি তানজিলা ট্রলারের মাঝি আলমগীর হোসেন, জেলে নাইম ফরাজী, রহিম মোল্লা, জহির, পানু মিয়া, ইউসুফ, ইসমাইল, তারাইয়া এবং এফবি তাহিরা ট্রলারের মাঝি তৈয়ব, ড্রাইভার খাইরুল আমিন, জেলে ইব্রাহিম সরদার, ইসমাইল, কফিলউদ্দিন ও জাহিদ। তারা মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটক জেলে ও ট্রলার মালিকের বরাত দিয়ে কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লতাচাপলী ইউনিয়নের কচ্ছপখালী-মুসুল্লিয়াবাদ এলাকার পান্না মিয়ার মালিকানাধীন এফবি তানজিলা এবং খাজুরা এলাকার শাহজাহান ফকিরের মালিকানাধীন এফবি তাহিরা ১৪ জেলে নিয়ে গত ২০ ডিসেম্বর গভীর সাগরে মাছ ধরতে যায়। ঘনকুয়াশায় পথ হারিয়ে গত সোমবার মধ্যরাতে ট্রলার দুটি ভারতীয় জলসীমানায় চলে গেলে দেশটির কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করে। পরে ট্রলার ও জেলেদের কাকদ্বীপ মহাকুমার চকখালি এলাকার ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানা পুলিশে হস্তান্তর করা হয়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, জেলেদের আটকের বিষয় তারা শুনেছেন। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। এরপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে।