খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

খুলনায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার পুলিশ সদস্য মো. নাজমুল খান (২১) বয়রা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইলের বাসিন্দা।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মো. নায়েব আলী খানের ছেলে মো. নাজমুল খানকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেপ্তার নাজমুল পরে স্বীকার করেন তিনি কেএমপিতে একজন পুলিশ সদস্য হিসেবে চাকরি করেন।