চাঁদপুরে শিক্ষামন্ত্রী

শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে

শিক্ষার্থীদের শৈশব থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো প্রযুক্তির ভালো-মন্দ দুটি দিক থাকে। আমাদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে। প্রযুক্তিবান্ধব হতে হবে, যুগের চাহিদাও তাই। তাই আমাদের শিশুদেরকেও একেবারে শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। কোডিং, প্রোগ্রামিং শেখাতে হবে কম বয়স থেকে। তা না হলে চতুর্থ শিল্পবিপ্লবে টিকেই থাকতে পারবে না তারা।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবির বিষয়ে মন্ত্রী বলেন, দেখুন সব জায়গায় তো একই রকম না। একেক জায়গায় হয়তো একেক রকম ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। প্রার্থী মনোনয়ন যদি সঠিক হয়, সেখানে আমরা দেখেছি নৌকাই বিজয়ী হয়েছে। কারণ নৌকার প্রতি মানুষের আস্থা রয়েছে। যেখানে নৌকা বিজয়ী না হয়ে আমাদের দলের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হচ্ছে, সেখানে তৃণমূল থেকে পাঠানো সুপারিশ কিছুটা ত্রুটিযুক্ত ছিল।