কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মারধর: প্রচারে নামলে খুনের ‘হুমকি’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমগীরের কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের প্রতিপক্ষ প্রার্থী বাদল ও তার লোকজনের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারে নামলে ‘খুন করার’ হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

বৃহস্পতিবার দুপুর ১টায় নয়াআটি মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বাদলকে প্রধান করে থানায় লিখিত অভিযোগ করেছেন আলমগীর।

অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর ১টার দিকে নয়াআটি মুক্তিনগর এলাকায় কাউন্সিলর প্রার্থী আলমগীরের লোকজন পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ প্রার্থী বাদল ও তার অন্যতম সহযোগী তাহেরুলের নেতৃত্বে একদল লোক  চাইনিজ কুড়াল, চাপাতি, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা আলমগীরের কর্মীদের মারধর ও পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় হুমকি দেয় যে, নির্বাচনী প্রচারণায় নামলে খুন করে ফেলবে।

কাউন্সিলর প্রার্থী আলমগীর জানান, আগে থেকেই বাদল আমাকে হুমকি দিয়ে আসছে নির্বাচন না করার জন্য। নির্বাচন করলে আমাকে দেখে নেবে বলেছে। তার হুমকি-ধমকি উপেক্ষা করে আমি প্রার্থী হয়েছি। আমার প্রতীক লাটিম। আর বাদলের ঠেলাগাড়ি।

তিনি আরো বলেন, আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে হুমকি-ধমকি ও হামলা, মারধর করে আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে বাদলকে ফোন করা হলেও রিসিভ করেননি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।