ঢাবি শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থীদের জয়জয়কার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী নীল দল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতেই জয় পায় তারা। সদস্য পদের একটিতে জয় পেয়েছে বিএনপি-জামাতপন্থী সাদা দল।

বৃহস্পতিবার সকাল ১০টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়। এরপর ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি পেয়েছেন ৯৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের ড. ইয়ারুল কবীর। তিনি পেয়েছেন ৩৯২ ভোট। সহসভাপতি হিসেবে ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. সাবিতা রিজওয়ানা রহমান। ৮৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. আকরাম হোসেন।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. নিজামুল হক ভুইয়া। তিনি পেয়েছেন ৯৭০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. আবদুর রহিম।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এজিএম শফিউল আলম ভুইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, মো. লুৎফর রহমান (সাদা দল), ড. মো. নাসির উদ্দিন মুন্সী, ড. মো. আব্দুল মঈন, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা, ড. ফিরোজ আহমেদ।