পাসের হারে সবার সেরা ময়মনসিংহ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে সবার ওপরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। বোর্ডটিতে ৯৭ দশমিক ৫২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এবার। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন।

এই বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ১ হাজার ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কেন্দ্র ছিল ১৪৭টি। এর মধ্যে পাসের হার সবচেয়ে বেশি নেত্রকোনা জেলায়। এখানে পাসের হার ৯৮ দশমিক ৪৯। দ্বিতীয় স্থানে আছে জামালপুর জেলা। এখানে পাসের হার ৯৭ দশমিক ৪৩। ৯৭ দশমিক ৩৩ শতাংশ পাস নিয়ে ময়মনসিংহ জেলা তৃতীয় স্থানে। আর শেরপুর জেলায় পাসের হার ৯৭ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডে জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৯২ শিক্ষার্থীর মধ্যে মেয়ের সংখ্যা ৫ হাজার ৭০৭। আর ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৮৫। এই বোর্ডের অধীনে অংশগ্রহণকারী মোট ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৯০। আর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৯৭৩।

এবার বোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।