এসএসসি

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

যশোর শিক্ষা বোর্ডের এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। ২০২০ সালে এ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৭.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪।

গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের ফলাফল সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, এ বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৮৫ জন। পাস করেছে ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। তাদের পাসের হার ৯৩.৭৯, অন্যদিকে ছেলেদের পাসের হার ৯২.৪২ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতায় ১০ জেলায় ২ হাজার ৫৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

এ শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ১০ জেলার পাসের হার হচ্ছেÑ খুলনায় ৯৪.৪৯, বাগেরহাটে ৯৩.২৭, সাতক্ষীরায় ৯৪.৭৬, কুষ্টিয়ায় ৯২.৭৮, চুয়াডাঙ্গায় ৯২.৮৫, মেহেরপুরে ৯২.২৭, যশোরে ৯২.৯৮, নড়াইলে ৯২.৮২, ঝিনাইদহে ৯১.৮১ ও মাগুরায় ৯১.১৯ শতাংশ।

তিনি জানান, এ বছর শিক্ষার্থীরা তিন বিষয়ে পরীক্ষা দিলেও মন্ত্রণালয়ের নির্দেশে জেএসসির ফলাফলের ওপর ভিত্তি করে অবশিষ্ট বিষয়ের ফল তৈরি করা হয়।