বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯%

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ। প্রতি বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫-এর দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষা বোর্ডের অধীনে জিপিজিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত তিন বিষয়ের লিখিত পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ফল ঘোষণা করা হয়।

গতকাল বৃস্পতিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেন। ফলাফলে ছেলেদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করেন।

বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১ দশমিক ২৫ ভাগ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ ভাগ।

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪ ভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ ভাগ এবং মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৭২ ভাগ।

ফল বিশ্লেষণে দেখা যায়, এবার বরিশাল বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ১৫ হাজার ৭৩ জন ফরম পূরণ করলেও ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৩ হাজার ৬ জন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৯১৭ জন বিভিন্ন গ্রেডে পাস করে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বরিশাল দারিদ্র্যপীড়িত এলাকা। এখানকার অংধিকাংশ শিক্ষার্থী কৃষকের সন্তান। করোনা পরিস্থিতিতে তারা আশানুরূপ পড়াশোনা করতে পারেনি। তারা আরও পড়ালেখা করতে পারলে ফল অন্যরকম হতো।