পোষা বিড়ালের কারণে সিউলে শতাধিক অগ্নিকাণ্ড

গত তিন বছরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পোষা বিড়ালের কারণে শতাধিক অগ্নিকাণ্ডের সূচনা হয়। এ নিয়ে পোষা প্রাণীর ওপর নজর রাখতে মালিকদের সতর্ক করলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে সিউলের মেট্রোপলিটন ফায়ার অ্যান্ড ডিজাস্টার ডিপার্টমেন্ট বৃহস্পতিবার বিবৃতি প্রকাশ করেছে বলে জানায় সিএনএন।

সেখানে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত ১০৭টি আগুনের কারণ পোষা বিড়াল।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক স্টোভের সুইচ অন করার মাধ্যমে এই সব অগ্নিকাণ্ডের শুরু। বিড়াল লাফালাফি করার জন্য স্পর্শকাতর এই সব চুলার সুইচে চাপ পড়ে। এরপর অতিরিক্ত তাপের কারণে আগুন ধরে যায়।

এ ধরনের আগুনে চারজন আহত হয়েছে। আর অর্ধেক ঘটনার সময় বিড়ালের মালিক বাসার বাইরে ছিলেন বলে জানায় ফায়ার ডিপার্টমেন্ট।

বিবৃতিতে বলা হয়, বিড়াল-সংশ্লিষ্ট অগ্নিকাণ্ড সম্প্রতি ঘটেই যাচ্ছে। আমরা পোষা প্রাণীর প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ কেউ বাড়িতে না থাকলে আগুন দ্রুত বিস্তৃত জায়গায় ছড়িয়ে পড়তে পারে।

এ ছাড়া বৈদ্যুতিক চুলার কাছ থেকে পেপার টাওয়ালসহ অন্যান্য দাহ্য দ্রব্য দূরে সরিয়ে রাখার পরামর্শ দেন তারা। আরও বলা হয়, অটোমেটিক লক ফ্যাংশন ব্যবহার করে আগুনের ঝুঁকি প্রতিরোধ করা যায়।

অবশ্য বিড়ালের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূচনা শুধু সিউলে সীমাবদ্ধ নয়। একটি সংস্থা জানায়, আমেরিকায় প্রতিবছর এক হাজার বাড়িতে আগুন লাগার পেছনে দায়ী অতি জনপ্রিয় পোষ্যটি।