‘কোনো ওয়ার্ম-আপেই কাজ হবে না, জনগণ বিএনপিকে চিনে ফেলেছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যাত আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি।

শুক্রবার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম-আপ চলছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘কোনো ওয়ার্ম-আপেই কাজ হবে না। নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।’

যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার পতন, আন্দোলন- এসব মুখরোচক শব্দ বৃষ্টি বর্ষণ করে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই।

তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যখন এসব কথা বলেন, তখনো স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।

তিনি বলেন, দেশবিরোধী সকল অপশক্তির অভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি, যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগই এর সুরক্ষা দিতে পারে বলেও দাবি করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি এ দেশে ভোটারবিহীন নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, হরণ করেছিল কৃষক শ্রমিকের অধিকার। ভোট না দেওয়ার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল, আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের স্বাধীন চলাচলের অধিকার হরণ করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়েছেন বলেও দাবি করেন তিনি।