করোনার নতুন ধরন ওমিক্রনের চোখ রাঙানির মাঝে সারা বিশ্বে বর্ষবরণের আয়োজনে কিছু কাটছাঁট আনা হয়েছে। সৌদি আরবে কিছু বিধিনিষেধ টানা হলেও রাতভর আমোদ-ফুর্তি হবে বেশ।
দেশ জুড়ে আতশবাজি, লাইভ মিউজিক, পার্টি, মরু ভ্রমণসহ দারুণ সব আয়োজন রাখা হয়েছে।
আরব নিউজ জানায়, বড় কিছু আয়োজন স্থগিত হয়েছে। তবে রিয়াদের মিউজিক্যাল শো চলবে। ৩১ ডিসেম্বরের এই অনুষ্ঠানে আরবের সেরা ১৩ সংগীতশিল্পী পারফর্ম করবে।
রিয়াদ জুড়ে আতশবাজি ও একই ধরনের নানান আয়োজন থাকছে।
পর্যটন কেন্দ্রিক সিজন জোনে অনেক রেস্টুরেন্ট খোলা থাকবে। সেখানে উপস্থিত হয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে বর্ষবরণ করা যাবে। তবে সামাজিক দূরত্ব মানতে হবে ও কোনো টেবিলে পাঁচজনের বেশি বসা যাবে না।
এলপিএম ও রোকার মতো ভেন্যুতে থাকছে ডিজে পার্টি ও মিডনাইট টোস্ট।
যারা একটু ভিন্ন কিছু পছন্দ করেন, তাদের জন্য আল-থুমামার ক্যাম্পিং সাইটগুলা নতুনভাবে সেজেছে। থাকছে বারবিকিউ, উটের রাইড, সংগীত এবং নাচসহ নানা কিছু। রেস্টুরেন্টগুলোতে থাকছে ডিজে পার্টি ও নাচের আয়োজন।
লোহিত সাগরের তীরবর্তী জেদ্দায় থাকছে একই ধরনের নানান অনুষ্ঠান। ধারণা করা হচ্ছে, তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় ভরপুর থাকবে রেস্টুরেন্টগুলো। রাতভর অতিথিরা উপভোগ করবেন লাইভ মিউজিক। মরুভূমিতে থাকছে ভ্রমণ ও অন্যান্য আয়োজন।
এর বাইরে দেশটির তারকা হোটেলগুলো রেখেছে ভিন্নভিন্নধর্মী চমক।
সব মিলিয়ে সৌদি আরব জুড়ে উৎসবের আমেজ নিয়ে এসেছে খ্রিষ্টীয় নববর্ষ।
২০১৯ সালের দেশটির শাসকদের উদ্যোগে নববর্ষ উদ্যাপন নতুন মাত্রা পেয়েছে। এ ছাড়া মোহাম্মদ বিন সালমানের একাধিক উদ্যোগের কারণে সৌদি আরবে পর্যটন ও বিনোদন ইন্ডাস্ট্রি নতুন প্রাণ পেয়েছে।