হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এসএসি ২০০৯ এবং এইচ এসসি ২০১১ সালে পাশ করা সহপাঠীসহ বিভিন্ন পেশার মানুষ।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালের কভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের ওপর অতর্কিত হামলা চালালে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
এ সময় বক্তারা কঠোর কর্মসূচি দেবেন বলেও জানান।
সমাবেশে নিহতের সহপাঠী, বাংলাদেশ ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের যুগ্ম আহ্বায়ক মেডিকেল টেকনোলজিস্ট মো. আরিফুর রহমান, আইনজীবী সাদিয়া মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।