শেরপুরে পৌষ মেলা অনুষ্ঠিত

বাংলার ঐতিহ্যবাহী পৌষমেলা বসেছিল শেরপুরে। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার ১নং ওয়ার্ডের নবীনগর মহল্লার ফসলি মাঠে বসেছিল এ মেলা। এলাকাবাসী জানায়, শত বছর ধরে এ মেলা চলে আসছে।

মেলায় বিভিন্ন পিঠা, মিষ্টি, সাজ, মুখরোচক খাবারসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবারের পসরা বসে। এছাড়া শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী ও চুড়ি-মালার দোকানও সাজিয়ে বসেন দোকানিরা। বেচা-বিক্রিও চলে বেশ।  

এদিকে মেলার আশপাশে গ্রামবাসীর ঘরে চলে পিঠা-পায়েশ খাওয়ার উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতি বাড়িতেই দূর-দূরান্তের আত্মীয়রা ছুটে আসেন। মেলায় গাঙ্গি খেলা (কুস্তি) ও সাইকেলের পাশাপাশি জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আসেন ২০ জন ঘোড় সওয়ার।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন ও প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মেলা আয়োজক কমিটির গোলাম মেস্তফা, সোহেল রানা প্রমুখ।