সেঞ্চুরিয়ান কনওয়েকে ফেরালেন মুমিনুল

যে কাজ নিয়মিত বোলাররা করতে পারেননি, তৃতীয় ওভার হাত ঘুরাতে এসে তা করলেন মুমিনুল হক। ‘গলার কাঁটা’ হয়ে বসা ডেভন কনওয়েকে সাজঘরে ফেরালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ফেরার আগে ২২৭ বলে ১৬ চার ও ১ ছয়ে ১২২ রান করেছেন কনওয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন হেনরি নিকোলস (২১) ও উইকেটরক্ষক টম ব্লান্ডেল (১)।

কনওয়ের সেঞ্চুরির পরপরই ফেরেন রস টেলর (৩১)। এই অভিজ্ঞ ব্যাটারকে নিজের দ্বিতীয় শিকার বানান পেসার শরীফুল ইসলাম।

চা বিরতি থেকে ফেরার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কনওয়েকে। নতুন বছরের প্রথম দিনের প্রথম সেঞ্চুরিটা আসে ৩০ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটারের হাত ধরে।

তাসকিন আহমেদের করা ইনিংসের ৬৫.৩ ওভারে এক রান নিয়ে তিন অঙ্কের ঘরে পা রাখেন কনওয়ে। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

সফরকারী বাংলাদেশ প্রথম দুই উইকেট পায় দুই সেশনে। টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে এক রান যোগ হতেই ওপেনার-অধিনায়ক টম লাথামকে (১) ফেরান শরীফুল।

তবে শুরুর ধাক্কা সামলে প্রথম ইনিংসটা জিতে কিউইরা। বড় প্রতিরোধ গড়েন উইল ইয়ং ও কনওয়ে। এই জুটি ভাঙে দলীয় ১৩৯ রানে। ততক্ষণে ফিফটি তুলে নেন ইয়ং। কিউই ওপেনার রান আউট হওয়ার আগে ১৩৫ বলে ৬ চারে করেন ৫২ রান।