শুধু দর্শকই কিয়ানু রিভস ও ক্যারি-অ্যান মসকে একসঙ্গে বারবার দেখতে চান না, এই অভিনেত্রী নিজেও চান। সম্প্রতি জানালেন সেই কথা। আর সেটা যদি হয় ‘জন উইক’ সিরিজে তবে বর্তে যাবেন তিনি।
আইকনিক ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজ দিয়ে কিয়ানু-মসের জুটি জগতবিখ্যাত। সিরিজের তৃতীয় কিস্তি মুক্তির প্রায় দুই দশক পর চর্তুর্থ পর্বে সম্প্রতি ধরা দিলেন তারা।
বরাবরের মতো স্মৃতিকাতর দর্শক নিও ও ট্রিনিটির চরিত্রে তাদের অভিনয়ে মুগ্ধ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারি-অ্যান মস জানান, আবারও তিনি কিয়ানু রিভসের সঙ্গে অভিনয় করতে চান। এটা যদি ‘জন উইক’ ইউনিভার্সের গোলাগুলির কোনো প্লট হয়, তিনি খুশি হবেন।
‘দ্য ম্যাট্রিক্স’-এর প্রচারে পিপলের মুখোমুখি হয়েছিলেন মস। তখন তিনি ‘জন উইক’-এর প্রশংসা করেন। কিয়ানু আততায়ী চরিত্রের একদম গভীরে ঢুকে গেছেন। যেন তার শরীর কথা বলে।
এরপরই জানান, এই সিরিজে কিয়ানু রিভসের সঙ্গী হতে পারলে খুশি হবেন তিনি।
প্রায় তিন দশক ধরে হলিউডে অভিনয় করছেন ক্যারি-অ্যান মস। সিনেমার পাশাপাশি টেলিভিশনের প্রিয় মুখ কানাডিয়ান এ অভিনেত্রী।