করোনায় আক্রান্ত অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দেশ রূপান্তরকে খবরটি নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে মাশরুর।
বাবার অসুস্থতার খবর শুনে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন সোহেল রানার ছেলে পরিচালক-অভিনেতা মাশরুর পারভেজ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘চিকিৎসক আমাদের একটি বিশেষ ইনজেকশন জোগাড় করতে বলেছিলেন। বিভিন্ন হাসপাতাল ও নানা জায়গায় অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার পর সেই ইনজেকশন পাওয়া গেছে। আমার আব্বুকে অনেকেই ভালোবাসেন, সেই মানুষদের সহায়তাতেই আমরা শেষ পর্যন্ত ইনজেকশনটা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছি আব্বু দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডাক্তাররা চেষ্টা করছেন ওনাকে দ্রুত সুস্থ করে তুলতে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।
হাসপাতালে ভর্তির কয়েক দিন আগে থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ২৫ ডিসেম্বর রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা। ১৯৬১ সালে কলেজে পড়াকালেই রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রযোজক হিসেবে তিনি নির্মাণ করেন মুক্তিযুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’।