পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সুপারিশ ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কোর্সগুলো বন্ধের সুপারিশ করেছে।

কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন এবং অন্যান্য ফি এর ক্ষেত্রে সামঞ্জস্যতাসহ আরও বেশকিছু সুপারিশ করেছে।

ইউজিসি বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন, উইকেন্ড ও এক্সিকিউটিভ কোর্সগুলোর কারণে বিশ্ববিদ্যালয়ে নেতিবাচক প্রভাব পড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কোর্সগুলো বন্ধের সুপারিশ করে বলা হয়, এগুলো নিয়ন্ত্রিত নয় এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে অনলাইন এবং স্ব-শরীরের ক্লাসকে একত্রিত করে একটি মিশ্রিত শিক্ষা মডেল প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে, যা হাইব্রিড মডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করবে।

ইউজিসি 'বার্ষিক প্রতিবেদন ২০২০'-এ উচ্চ শিক্ষার জন্য বাজেট বরাদ্দ বাড়ানোসহ বেশ কয়েকটি সুপারিশ করেছে।

এতে বলা হয়েছে, ২০২২ সালের মধ্যে জাতীয় বাজেটের অন্তত ২ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৬ শতাংশ উচ্চ শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে।

উচ্চ শিক্ষায় বর্তমানে জাতীয় বাজেটের শুন্য দশমিক ৮৭ শতাংশ বরাদ্দ রয়েছে।

সূত্র জানায়, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বিভিন্ন সুপারিশসহ প্রতিবেদনটি জমা দেয়া হয়।