নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন ১৬ জানুয়ারি

নতুন বছরে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি। এটা হবে একাদশ সংসদের ষোড়শ অধিবেশন।

শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল চারটায় এই অধিবেশন আহ্বান করেন ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অধিবেশন কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।

বছরের প্রথম তথা শীতকালীন এই অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। পরে সাংসদেরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন। শীতকালীন অধিবেশন সাধারণত দীর্ঘ হলেও গত বছর করোনা সংক্রমণের কারণে তা খুব একটা দীর্ঘ করা হয়নি।

দুই বছর আগে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাংবাদিকদের সংসদ ভবনে ঢুকতে দেওয়া হয়নি। সাংসদদের বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়। অধিবেশনকক্ষে সাংসদদের উপস্থিতিও রাখা হয় সীমিত।

করোনা পরীক্ষার পরই সাংসদদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। একইভাবে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা পরীক্ষা করিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেওয়া হয়।