গত এক সপ্তাহে মানবিক কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রত্যাশী কয়েকশ আফগান নাগরিকের আবেদন নাকচ করেছে মার্কিন ফেডারেল অভিবাসন অফিস।
শুক্রবার আফগানিস্তানের সংবাদমাধ্যম প্যচওয়াকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তবে, অসহায় আফগানদের যুক্তরাষ্ট্রে মানবিক কারণে আশ্রয় না দেয়ার সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের ‘বড় ওয়াদা ভঙ্গ’ বলে মনে করছেন অভিবাসী আইনজীবীরা।
অভিবাসন নিয়ে কাজ করা একটি সংস্থার মুখপাত্র ভিক্টোরিয়া প্লামার জানিয়েছেন, আফগানিস্তান থেকে গেল বছরের আগস্টে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর প্রায় ৩৫ হাজার আফগান যুক্তরাষ্ট্রে মানবিক কারণে নাগরিকত্ব চেয়ে আবেদন করেন। যার মধ্যে প্রায় ৪৭০ টি আবেদন নাকচ করা হয়েছে। এ ছাড়া ১৪০ জনকে শর্তসাপেক্ষ নাগরিকত্ব দেয়া হয়েছে।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন, ‘মানবিক প্যারোল’ সাধারণত জরুরি অবস্থার জন্য প্রযোজ্য। যারা নিজদেশে থাকা হুমকি মনে করেন এবং সুরক্ষা খোঁজেন তারাই এই প্যারোলের আওতাভুক্ত হবেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আশাবাদ ব্যক্ত করেছে, নতুন অর্থবছরে যুক্তরাষ্ট্র প্রায় ৯৫ হাজার আফগানকে পুনর্বাসনে সাহায্য করবে।