সোনারগাঁয়ে পরাজিত প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সদস্য পদে বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর সমর্থককে হত্যার। আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে সাভারের আমিনবাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাটোরের গুরুদাসপুরে ভাঙচুর করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়। চাঁদপুরের হাইমচরে দুই প্রার্থীর পক্ষ নিয়ে হামলা-পাল্টা হামলা এবং নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সদস্য পদে বিজয়ী প্রার্থী দেলোয়ার হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী পরাজিত সদস্য প্রার্থীর সমর্থক নয়ন মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল শনিবার সকালে সনমান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য দেলোয়ার হোসেনকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।

নিহত মো. নয়ন মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের মারবদি গ্রামের আলম মিয়ার ছেলে।

নয়ন মিয়ার স্ত্রী মানছুরা আক্তার জানান, গত শুক্রবার রাতে তার স্বামী ঘর থেকে  বের হয়ে আর ফেরেননি। গতকাল শনিবার সকালে সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দি গ্রামের রাস্তার পাশে নয়নের লাশ পাওয়া যায়। তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে নয়নকে প্রকাশ্যে দেলোয়ার হোসেন ও তার সমর্থকরা হত্যার হুমকি দিয়ে আসছিল।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত দাবি করে স্থানীয়রা ইউপি সদস্যকে পুলিশে দিয়েছে। পুরো বিষয়টির তদন্ত চলছে।

নাটোর : গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে বিচ্ছিন্নভাবে তার চারটি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী।

সাভার : আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রকিব আহমেদের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর আওয়ামী লীগের আমিনবাজারের নেতারা ঢাকা-আরিচা মহাসড়কে এসে বিক্ষোভ করেন। গত শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমিনবাজার ইউনিয়নের সরকার বাড়ি এলাকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী অফিসে খুব বেশি কিছু ছিল না। যে কাপড় দিয়ে অফিস ঘেরাও করা ছিল, সেটা পুড়েছে আর কিছু পোস্টার পুড়েছে।

চাঁদপুর : হাইমচরে নৌকা ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটটি নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার উত্তর আলগী ইউনিয়নে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ নির্বাচন রিটার্নিং অফিসারসহ পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে। ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এই ইউনিয়নে ভোট।  হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে।