নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি। এটি হবে চলমান একাদশ সংসদের ষোড়শ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল ৪টায় সংসদের বৈঠক আহ্বান করেছেন বলে গতকাল শনিবার সংসদ সচিবালয়ের উপসচিব নাজমুল হক জানিয়েছেন।
বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলা হবে। প্রায় পুরো অধিবেশনে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারীকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।