বিএফইউজের মানববন্ধন

‘গণমাধ্যমকর্মী আইন’ পাসসহ ৮ দাবি

গণমাধ্যমে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে অবিলম্বে গণমাধ্যমকর্মী আইন পাস, নবম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে সরকার ও মালিকপক্ষের প্রতি ৮ দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়। বিএফইউজের উদ্যোগে গতকাল একযোগে সারা দেশে এ মানববন্ধন-সমাবেশ হয়।

জাতীয় প্রেস ক্লাবের কর্মসূচিতে বক্তারা বলেন, ইতিমধ্যে ৮ দফা কর্মসূচি গণমাধ্যমকর্মীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। অবিলম্বে ৮ দফা বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। ১৫ জানুয়ারি নির্বাহী পরিষদের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি ও নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজের সহসভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাব-এডিটরর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় প্রমুখ।

৮ দফা দাবির মধ্যে রয়েছে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করতে হবে, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে, সব প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে, বেতন-ভাতা নিয়মিত দিতে হবে, বকেয়া পরিশোধ করতে হবে, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা বা পেনশন চালু করতে হবে, সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।