গোলপোস্টের নিচে থিবো কোর্তোয়া দুর্দান্ত। ডিফেন্সে এদের মিলিতাও, ডেভিড আলাবা উজ্জ্বল স্বমহিমায়। ক্যাসেমিরো, টনি ক্রুস এবং লুকা মদ্রিচ তো ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ড ত্রয়ী। তবে ২০২১ সালে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল খেলোয়াড়টির নাম নিশ্চিতভাবেই করিম বেনজেমা।
শুধু রিয়াল মাদ্রিদ নয়, স্প্যানিশ লা লিগার মুখ এখন বেনজেমা। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর বলতে গেলে জনপ্রিয় লিগটিতে আর্জেন্টাইনের অভাব পূরণ করে চলেছেন এই ফরাসি তারকা।
বছরে গোল সংখ্যা, গোল মুখে শট নেওয়া, অন টার্গেট শট সবকিছুতেই দুর্দান্ত বেনজেমা। ২০২১-২২ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত গোল করায় বেনজেমা সবচেয়ে এগিয়ে। ১৫টি গোল করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বেতিস ফরোয়ার্ড জুয়ানমি ১১ এবং ভিনিসিউস ১০ গোল করেছেন।
২০২১ সালে বেনজেমা ১৩৯টি শট নিয়েছেন। ১১১ শট নিয়ে মেসি আছেন দ্বিতীয় স্থানে, যিনি গত আগস্টে বার্সেলোনা ছেড়ে গেছেন। অন টার্গেট শটেও মেসির চেয়ে এগিয়ে বেনজেমা।
মেসি শট নিয়েছেন ৪৮টি, বেনজেমা ৬৬টি। আর মেসি যেখানে গোল করেছেন ২৩টি, বেনজেমেবার গোল সেখানে ৩০টি।
বেনজেমার এমন নৈপুণ্যে মুগ্ধ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘সে তার ফুটবলে দুর্দান্ত সক্ষমতা এবং স্কোরিং দক্ষতা যোগ করেছে। ক্রিস্তিয়ানো রোনালদো বা আরলিং হালান্ডের মতোই তার দক্ষতা। সে এমন একজন খেলোয়াড়, যে কিনা পার্থক্য গড়ে দিতে পারে।’