পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ জানুয়ারি

মাদক মামলায় চলচ্চিত্র নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকা-১০ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান মারা যাওয়ায় পূর্ণ দিবস মুলতবি থাকায় আদালত অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে ১৪ ডিসেম্বর একই আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এ জন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমনির মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পরীমনি হঠাৎ ভার্টিগো রোগে আক্রান্ত হওয়ায় সময়ের আবেদন করা হয়। আদালত এ আবেদন মঞ্জুর করেন।

১৫ নভেম্বর নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।