ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডান

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

রবিবার আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয় তুলে নেয় মোহামেডান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

৬৫ মিনিটে আত্মঘাতী গোলে প্রথম লিড পায় মোহামেডান। ৭৪ মিনিটে ইমন ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে এবিমোবোই থ্যাঙ্কগড পিটার চট্টগ্রাম আবাহনীর পক্ষে ব্যবধান কমান। তবে হার এড়াতে পারেনি দলটি।

ফেডারেশন কাপের দশ বারের চ্যাম্পিয়ন মোহামেডান সেমিফাইনালে শেখ রাসেল ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে।