বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ভালো শুরু পেয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল।
দুই ওপেনার পিনাক ঘোষ ও এনামুল হক বিজয় ফিফটি তুলে নেন। জাকির হাসান ও ফরহাদ রেজাও খেলছেন দারুণ। সুবাদে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিনটা নিজেদের করেছে দক্ষিণাঞ্চল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। ৮০ ওভার খেলা হয়েছে। তাতে ৫ উইকেটে ২৬১ রান তুলেছে দক্ষিণাঞ্চল।
পিনাক ও এনামুল উদ্বোধনী জুটিতে ১৩৭ রান যোগ করেন। পিনাকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ। পরে এনামুলকেও ফেরান তিনি।
পিনাক ১৬১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৫ রান করেন। এনামুল ১৭১ বলে ৬ চার ১ ছক্কায় করেন ৭৬ রান।
হাসান মুরাদের ঘূর্ণিতে ১৬২/১ থেকে হঠাৎই ১৬৩/৪- এ পরিণত হয় দক্ষিণাঞ্চল। ১৮১ রানে হারায় পঞ্চম উইকেট। তবে ষষ্ঠ উইকেটে দারুণ জুটি গড়ে ফের দক্ষিণাঞ্চলকে ম্যাচে ফেরান জাকির ও ফরহাদ রেজা। ৮০ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন দুই ব্যাটার।
জাকির ৬০ বলে ৪৪ রানে অপরাজিত আছেন। ফরহাদ রেজা ৪৭ বলে ৪৬ রানে অপরাজিত আছেন।
হাসান মুরাদ প্রথম দিনে ২১ ওভার বল করে ৭০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। অন্য উইকেটটি পেয়েছেন আবু হায়দার।