আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির বালক বিভাগে শিরোপা ধরে রেখেছে মৌলভীবাজার। অন্যদিকে বালিকা বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ।
পল্টন মাঠে রবিবার রাতে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রামকে হারায়। জয়ী দল প্রথমার্ধে ১০-৭ পয়েন্টে এগিয়ে ছিল।
বালিকা বিভাগে ঝিনাইদহ ২৫-১৯ পয়েন্টে নড়াইলকে হারায়। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল। ফাইনালে সেই হারের মধুর প্রতিশোধ নিল ঝিনাইদহ।
বালক বিভাগে মৌলভীবাজারে তাজ আহমেদ ও বালিকা বিভাগে ঝিনাইদহের আঞ্জুমান আরা রাত্রি হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন- বালক বিভাগে চট্টগ্রামের ওজুয়ান মারমা ও নারী বিভাগে আঞ্জুমান আরা রাত্রি।
মৌলভীবাজারের মো. যুবায়ের ও নড়াইলের ছন্দা খানম হয়েছেন সেরা রেইডার। মৌলভীবাজারের তাজউদ্দিন ও ঝিনাইদহের সুমাইয়া হয়েছেন সেরা ডিফেন্ডার।
ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম. আখতার হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব নেওয়াজ সোহাগ।