সকালে তেল আবিবে রকেট বিস্ফোরণ, রাতে গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজা থেকে তেল আবিবের দিকে দুটি রকেট ছোড়ার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার রাতে ফিলিস্তিনের গাজায় এই বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে, ওই দিনই সকালে গাজা থেকে ছোড়া দুটি রকেট ভূমধ্যসাগরে তেল আবিবের উপকূলে গিয়ে বিস্ফোরিত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজায় বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তবে গাজার দিক থেকে দুটি রকেট ছোড়ার দায় কোনো ফিলিস্তিনি সংগঠন স্বীকার করেনি।

ফিলিস্তিনের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। একই সময় উত্তর গাজায় হামাসের একটি পর্যবেক্ষণ ঘাঁটিতে কামানের গোলা ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক টুইট বার্তায় ইসরায়েলি বাহিনী বলেছে, মূলত হামাসের একটি রকেট তৈরির স্থাপনায় তারা ওই বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজার দিক থেকে ভূমধ্যসাগরে তেল আবিবের উপকূলে পড়া রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গত বছরের মে মাসে দুপক্ষের মধ্যে টানা ১১ দিন যুদ্ধ শেষে ইসরায়েল-গাজা সীমান্ত তুলনামূলক শান্তই ছিল। ওই যুদ্ধে ফিলিস্তিনে আড়াই শতাধিক ও ইসরায়েলে ১২ জনের মতো প্রাণ হারায়।

ওই সংঘাতের পর গত বুধবার গাজা থেকে ছোড়া গুলিতে ইসরায়েলের এক বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে, তাতে ৩ ফিলিস্তিনি আহত হন।