ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ক্রিস সিলভারউডের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
সিলভারউড ফুল ভ্যাকসিনেটেড ছিলেন। পরিবারের একজন সদস্য আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার থেকেই মেলবোর্নে আইসোলেশনে ছিলেন তিনি।
তবে ৪৬ বছর বয়সী সিলভারউডের উপসর্গ নেই। ৮ জানুয়ারি পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে তাকে।
বুধবার শুরু হতে যাওয়া অ্যাশেজের চতুর্থ টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না সিলভারউড। তবে পঞ্চম ও শেষ টেস্টে দলে যোগ দেওয়ার প্রত্যাশা তার।
প্রথম তিন টেস্ট হারায় অ্যাশেজের ছাইদানি এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে ইংল্যান্ডের। এখন শেষ দুই টেস্ট থেকে যা অর্জন করা যায় সেটাই লক্ষ্য তাদের। তবে করোনার সঙ্গে বেশ যুদ্ধ করতে হচ্ছে সফরকারী দলটিকে।
এর আগে স্থানীয় এক নেট বোলার করোনা আক্রান্ত হলে ইংল্যান্ডের রবিবারের অনুশীলনও ব্যাহত হয়। পুরো অনুশীলনই বাতিল হয় তাদের।
করোনা হানা দিয়েছেন অস্ট্রেলিয়া দলেও। অজি ব্যাটার ট্রাভিস হেড করোনা পজিটিভ হয়েছেন। ফলে সিডনি টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।