করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধিনিষেধ অনুযায়ী, আজ সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
একই সঙ্গে স্পা, বার রাত ১০টার পর বন্ধ থাকবে। সুইমিং পুল, জিম, বিউটি পার্লার, সেলুন, বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানসমূহও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শ্মশানে মরদেহের শেষকৃত্যে ২০ জনের বেশি ভিড় করা যাবে না। সোমবার থেকে যুক্তরাজ্যের কোনো বিমান কলকাতা শহরে অবতরণ করতে পারবে না। গতকাল রবিবার সচিবালয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদ বিধিনিষেধসংক্রান্ত এক ঘোষণায় এসব তথ্য তুলে ধরেন। সেখানে জানানো হয়, রাত ১০টার পর সিনেমা হল বন্ধ থাকবে, বিয়েসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় সভায় ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না।
বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। রাতে বন্ধ থাকলেও বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে। তবে চালু থাকবে দূরপাল্লার ট্রেন।