রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. সোহাগ মিয়ার (২৪) সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
গত শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস উল্টে এমবিএ শিক্ষার্থী সোহাগ নিহত হন। গতকাল বেলা ১১টায় সোহাগের সহপাঠীরা রবীন্দ্রনাথ একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করেন। পরে মানববন্ধন করেন তারা।
এমবিএ শিক্ষার্থী বেলাল হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. মাঈন উদ্দীন বলেন, ‘সোহাগের চলে যাওয়া কেবল আমাদের বিভাগের জন্য নয়, জাতির জন্যও বড় ক্ষতি। আমরা সড়কপথ নিয়ে সব সমস্যার সমাধান চাই।’