স্বাস্থ্যগত নথি দেখালে এসএমএস ছাড়াই মিলবে বুস্টার: ডিজি

অসুস্থতা বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যগত নথি দেখালে এসএমএস না পেলেও যেকোনো বয়সের রোগীরা করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে সোমবার এক বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা জানান।

তিনি বলেন, এসএমএস ছাড়া বুস্টার ডোজ নেওয়ার আগে ওই রোগীকে তার অসুস্থতা বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যগত নথি দেখাতে হবে।

স্বাস্থ্য ডিজি বলেন, ‘আমরা ইতোমধ্যেই সব টিকাকেন্দ্রকে নির্দেশনা দিয়েছি। গুরুতর স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিরা আগে দুই ডোজ টিকা নিয়ে থাকলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।’

তিনি আরও জানান, বুস্টার ডোজের জন্য বয়সসীমা ৬০ বছর থেকে কমানোর কথা ভাবছেন তারা।

এছাড়া ভবিষ্যতে টিকা গ্রহীতাদের সুবিধাজনক যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে পারবেন বলেও জানান অধ্যাপক খুরশীদ আলম।