ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ডেলটার মতোই সব ধরনের প্রস্তুতি রাখতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর: আনন্দবাজার
সোমবার রাজ্য স্বাস্থ্য সচিব এক জরুরি ভার্চ্যুয়াল বৈঠকে এই নির্দেশনার কথা জানান।
করোনা হাসপাতাল, হাসপাতালের আসনসংখ্যা এবং সেফ হোম বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
এ ছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ডেলটার সময় যে ধরনের প্রস্তুতি ছিল একই প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালের ডাক্তারদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
নির্দিষ্ট কাজের বাইরে অতিরিক্ত সময় কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে। যে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন তাদের হাসপাতালেই কোয়ারেনটাইনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে।