২০২১ সালে মুক্তি পাওয়া শেষ ছবি ছিল মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’। বছরের একেবারে শেষ দিন তথা ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ায় ছবিটি নতুন বছরের প্রথম সপ্তাহেও চলছে। এদিকে ২০২২ সালের শুরুতেই মুক্তি পাচ্ছে বিগ বাজেটের ছবি ‘শান’। বছরের প্রথম শুক্রবারেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। শান ছবির পরিচালক এম রাহিম জানান, গত বছরের একেবারে শেষ প্রান্তে এসে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। ৭ জানুয়ারি মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়েছে।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে জানা যায়, বছরের প্রথম মাসে মুক্তি পেতে যাচ্ছে আরও কয়েকটি চলচ্চিত্র। সংগঠনটির অফিস সচিব সৌমেন রায় বাবু জানালেন ১৪ জানুয়ারি মুক্তি পাবে এইচ আর হাবিবের চলচ্চিত্র ‘ছিটমহল’, ২১ জানুয়ারি মুক্তি পাবে ‘তোর মাঝে আমার প্রেম’,‘অবাস্তব ভালোবাসা’ ও ‘মুখোশ’। পাশাপাশি ২৮ জানুয়ারি মুক্তির লাইনে আছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। এ ছাড়াও ‘জাল ছেঁড়ার সময়’ নামে আরও একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
সৌমেন রায় বাবু বলেন, ‘এই মাসে প্রযোজক-পরিবেশক সমিতিতে এই ছবিগুলো নিবন্ধন করা হয়েছে। অনেক সময় অনেক ছবি পিছিয়েও যায়। তবে আশা করছি, ছবিগুলো যথাসময়ে মুক্তি পাবে।’
মুক্তি প্রতীক্ষিত ‘ছিটমহল’ সিনেমার পরিচালক এইচ আর হাবিব দেশ রূপান্তরকে বলেন, ‘এখন পর্যন্ত ছবিটির মুক্তির তারিখ ১৪ জানুয়ারি চূড়ান্ত। তবে কোনো পরিবর্তন ঘটবে কিনা তা কয়েক দিন পরে জানাতে পারব।’
তিনি আরও বলেন, ‘ছবিটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন শিমুল খান, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস পিয়াসহ আরও অনেকে।’
পরিচালক অনন্য মামুন জানান, এ মাসেই তার পরিচালিত ‘অমানুষ’ মুক্তি পেতে পারে। সেভাবেই এগোচ্ছেন তিনি। অমানুষ সিনেমায় অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, নিরব হোসেন, নওশাবাসহ আরও অনেকে।
এদিকে এখন পর্যন্ত প্রচারণায় রয়েছে ৭ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘শান’ সিনেমা। এই সিনেমার নায়ক সিয়াম বলেন, শানের মাধ্যমে অভিনয়জীবনে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি। কতটা পরিশ্রম করে ছবিটি করেছি তা এটি দেখলেই বুঝতে পারবেন। ভালো লাগছে নতুন বছরটা দারুণ একটা ছবির মাধ্যমে শুরু হচ্ছে।’
‘শান’ নির্মাণ করেছেন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিয়াম পূজা ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।