মেয়াদোত্তীর্ণের চার বছর পর জাহাঙ্গীরনগর ছাত্রলীগের ২ সদস্যের কমিটি

মেয়াদোত্তীর্ণের চার বছর পর বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের হাবিবুর রহমান লিটন।

নতুন সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক লিটন বিগত কমিটির সহ-সম্পাদক ছিলেন।

সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য জাবি ছাত্রলীগের এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে শুধু এ দুজনের নাম উল্লেখ করা হয়। কমিটি কবে পূর্ণাঙ্গ করা হবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। 

এর আগে এক বছর মেয়াদি কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রায় চার বছর পর গত ১৭ অক্টোবর জাবি ছাত্রলীগের জুয়েল-চঞ্চল কমিটি বিলুপ্ত ঘোষণা করে পদপ্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।