ইউআইইউ’তে আইসিডিআরইটি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি (আইসিডিআরইটি) বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মাঈনুউদ্দিন হাসান রশিদ এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. এম. মশিউল হক।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আইসিডিআরইটি সম্মেলনের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. ইন্তেখাব আলম, সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম. রিজওয়ান খান এবং ইউআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাকিবুল মোস্তাফা।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার এবং ইউআইইউ সিইআরের পরিচালক জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী।

সম্মেলনে বক্তারা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য সবার দৈনন্দিন জীবনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হবে তা নিয়ে বিশদ আলোচনা হয় সম্মেলনে।

সম্মেলনে বক্তারা জানান, এ বছর কানাডা, তুরস্ক, নেপাল, ভুটান, ফিলিপাইন ও বাংলাদেশসহ বিশ্বের ০৬ দেশ থেকে ৫৯টি গবেষণাপত্র থেকে মোট ২০টি গবেষণাপত্র আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে।

জানা যায়, এই বছরের সম্মেলনে ২টি কীনোট স্পিচ ও ৩টি ইনভাইটেড সেশন উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে ৫টি টেকনিক্যাল সেশনে জ্বালানি গবেষণার ওপর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন।