দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জে আওয়ামী লীগের ২৪ ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার মানিকগঞ্জ জেলা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ১২ জন এবং দৌলতপুর উপজেলায় ১২ জনকে বহিষ্কার করা হয়েছে।
হরিরামপুর উপজেলার বহিষ্কৃতরা হলেন গালা ইউনিয়নে মিঠু মোল্লা, চালা ইউনিয়নে শামসুল আলম বিশ্বাস ও সেলিম মোল্লা, কাঞ্চনপুর ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল শফি, আফজাল হোসেন ও আমির হোসেন, গোপীনাথপুর ইউনিয়নে মো. মিলন বিশ্বাস, হারুকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান চুন্নু, আজিমনগর ইউনিয়নে আরব আলী শেখ, বলড়া ইউনিয়নে মো. আইয়ুব আলী, রামকৃষ্ণপুর ইউনিয়নে মো. কামাল হোসেন এবং সুতালড়ী ইউনিয়নে মো. সেকেন্দার বিশ্বাস।
দৌলতপুর উপজেলার বহিষ্কৃতরা হলেন চরকাটারি ইউনিয়নে মো. মহসিন আলম, মো. আইয়ুব আলী মন্ডল, মো. ইকবাল হোসেন ও বারেক ম-ল, বাঘুটিয়া ইউনিয়নে মো. তোফাজ্জল হোসেন, জিয়নপুর ইউনিয়নে মো. আতোয়ার রহমান, চকমিরপুর ইউনিয়নে মুহাম্মদ শওকত আলী, বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম ও মো. জুয়েল রানা, কলিয়া ইউনিয়নে মো. আবু হানিফ এবং ধামশ্বর ইউনিয়নে মো. তারেক রহমান ও আবদুল মজিদ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অব্যাহতি পাওয়া ১০ জন হলেন মির্জাপুর ইউনিয়নে মো. মনু মিয়া ও মো. মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়নে মো. জসিম উদ্দিন, কালাপুর ইউনিয়নে মো. মুজিবুর রহমান মজুল ও মো. ফজলুর রহমান, আশিদ্রোণ ইউনিয়নে মো. আরজু মিয়া ও মো. সামছুল মিয়া, কালিঘার ইউনিয়নে বিজয় হাজরা ও শান্ত তাঁতী এবং সাতগাঁও ইউনিয়নে মিলন শীল।