পোশাককর্মী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

লিমা আক্তার (১৭) নামে এক পোশাককর্মীকে নারায়ণগঞ্জে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মামুন (১৯)। গতকাল সোমবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য জানিয়েছেন।

গত ৯ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রুবী গেট এলাকা থেকে রাত ৯টার দিকে এক নারী পোশাককর্মীকে কিছু যুবক অপহরণ করে। তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি এলাকায় আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় চারজনের নাম উল্লেখসহ আরও দুই-তিন জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেন।